
চাঁদপুরের মতলব উত্তরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
গত ২১ অক্টোবর রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার ৩৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উৎসবকে কেন্দ্র করে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব পালন করেন।
আলমগীর সরকার বলেন, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসব উদযাপনে যেন কেউ নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করেছেন।
তিনি জানান, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের দিকনির্দেশনায় মতলব উত্তর উপজেলার ৩৬টি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। এসব কমিটির সদস্যরা গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জন পর্যন্ত দায়িত্ব পালন করেন।
আলমগীর সরকার বলেন, সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁদের আন্তরিকতা ও সহযোগিতার কারণে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়ক পরিবেশ তৈরি হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা নিয়মিত পূজামণ্ডপগুলো পর্যবেক্ষণ করেন।
উৎসব চলাকালে দায়িত্ব পালনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমগীর সরকার।




