ছবি ভিডিও ভিডিও
অপরাধ, আইন-আদালত, সারা দেশ

মতলব উত্তরে শিশু ধর্ষণের অভিযোগে ৬৪ বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ




চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন দুপুরে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ি থেকে তার বাবার দোকানে পেঁপে পৌঁছে দিতে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বাড়ি ফেরার পথে গ্রামের একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় শওকত আলী শিশুটির হাত ধরে টেনে পাশের একটি পরিত্যক্ত ভাঙা ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে এলে তার মায়ের সন্দেহ হয়। একপর্যায়ে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়।
এ ঘটনায় শিশুটির বাবা বুধবার রাতে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শওকত আলী ছৈয়ালকে গ্রেপ্তার করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।”