ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলনমেলা

প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | ৪:১৪ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




বন্ধুত্ব, সহমর্মিতা ও সহযোগিতার স্লোগানে আনন্দ-আড্ডা, স্মৃতিচারণ আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৮৪ ব্যাচের সংগঠন ‘চুরাশিয়ান বাংলাদেশ’-এর দ্বিতীয় মহামিলনমেলা। শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী পূর্বাচলের একটি পার্কে আয়োজিত এ মিলনমেলায় সারাদেশ থেকে প্রায় আড়াই হাজার চুরাশিয়ান বন্ধু অংশগ্রহণ করেন।

দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আনন্দ, উচ্ছ্বাস আর আবেগে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। জীবনের ষাট থেকে বাষট্টি বছর বয়সে এসেও স্কুলজীবনের বন্ধুত্ব, ভালোবাসা ও আন্তরিকতার বন্ধন যে কতটা অটুট, তা এ মহামিলনমেলায় যেন নতুন করে ফুটে ওঠে।

সকালে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন ‘চুরাশিয়ান বাংলাদেশ’-এর আহ্বায়ক, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলবের কৃতিসন্তান আলমগীর সরকার। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মহামিলনমেলার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব তৌফিকুল ইসলাম তপু।

দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফটোসেশন, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, পুরস্কার বিতরণীসহ নানা আনন্দঘন আয়োজন। এসব আয়োজনের মধ্য দিয়ে পুরোনো দিনের স্মৃতি ফিরে দেখার পাশাপাশি নতুন করে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার সুযোগ পান অংশগ্রহণকারীরা।

মহামিলনমেলায় বিভিন্ন জেলার বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রেজিস্ট্রেশনে প্রথম স্থান অর্জন করে চাঁদপুর জেলা, দ্বিতীয় স্থান অর্জন করে কুমিল্লা জেলা এবং তৃতীয় স্থান অর্জন করে টাঙ্গাইল জেলা। জেলার বন্ধুদের অংশগ্রহণ ও নিবন্ধনের এ সাফল্য মিলনমেলায় বাড়তি আনন্দ যোগ করে।

দিনের আয়োজনের শেষপর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ জাহান কনাসহ বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গান, আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে সন্ধ্যার আয়োজন।

দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা, একসঙ্গে ছবি তোলা, গল্প, হাসি আর স্মৃতির পাতায় ফিরে যাওয়ার মধ্য দিয়ে দিনটি অংশগ্রহণকারীদের কাছে হয়ে ওঠে আনন্দ ও আবেগের এক বিশেষ উপলক্ষ। বর্ণাঢ্য আয়োজন, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও আন্তরিক আতিথেয়তার জন্য আয়োজকদের প্রশংসা করেন উপস্থিত চুরাশিয়ানরা।

‘চুরাশিয়ান বাংলাদেশ’-এর দ্বিতীয় মহামিলনমেলা শুধু একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়, বরং দীর্ঘ চার দশকের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসাকে নতুন করে উদযাপনের এক স্মরণীয় আয়োজন হিসেবে সবার হৃদয়ে জায়গা করে নেয়।