ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

মতলব উত্তরে পার্কিং করে রাখা গাড়িতে অগ্নিকাণ্ড

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ৬:৪৩ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আদুরভিটি মিয়াজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার-ম-৫১-০০১৫ নম্বরের গাড়িটির প্রকৃত মালিক রনি হোসেন মোল্লা (২৭)। তিনি বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী। একটি প্রতিষ্ঠান থেকে নিলামের মাধ্যমে পুরোনো গাড়িটি কেনার পর চালানো শেখা ও ব্যবহারের জন্য একই এলাকার আব্দুস সাত্তার মাস্টারের ছেলে মোহাম্মদ আল-আমিন সিকদারকে (২৭) গাড়িটি দেন।

আল-আমিন গত ১০ দিন ধরে গাড়িটি আদুরভিটি এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রেখেছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ গাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গাড়িটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

গাড়িটি ব্যবহারকারী মোহাম্মদ আল-আমিন সিকদার জানান, গত ১০ দিন ধরে গাড়িটি ওই স্থানে রাখা ছিল। ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাড়িটি দেখে যান এবং গেট খুলে সবকিছু পরীক্ষা করেন। পরে তাঁর মা ফোন করে গাড়িতে আগুন লাগার খবর জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাড়িতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।