ছবি ভিডিও ভিডিও
পরিবেশ ও জীববৈচিত্র, সারা দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে দিনব্যাপী নবান্ন উৎসব

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১১:৫৩ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে এ উৎসবের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ধারণ করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. ফজলুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবের উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, নিজেদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। অন্যকে অনুসরণ না করে আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে হবে।

নবান্ন উৎসবের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের কৃষক সমাজ কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করেন। নতুন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে পিঠা, পুলি, পায়েসসহ নানা ধরনের দেশীয় খাবার তৈরি করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে বাঙালির কৃষিনির্ভর জীবন, আনন্দ ও ঐতিহ্যের প্রকাশ ঘটে। নবান্ন উৎসবের এ ঐতিহ্য ধরে রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এ উৎসবে ছিল বাহারি পিঠাপুলি ও দেশীয় খাবারের আয়োজন, হস্তশিল্প ও সৃজনশীল সামগ্রীর প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার পাশাপাশি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ নবান্ন উৎসব বাঙালির চিরায়ত ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও কৃষিভিত্তিক জীবনধারার এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।