
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তর টরকী পাকা রোড-শিবপুর খেয়াঘাট ভায়া তাতুয়া মিজিবাড়ী সড়কে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করেছে।
গত বুধবার অনুষ্ঠিত একনেক সভায় জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির ১নং সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের আবেদনের পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে একনেকের প্রকল্প তালিকায় মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর টরকী পাকা রোড-শিবপুর খেয়াঘাট ভায়া তাতুয়া মিজিবাড়ী সড়কের ২৫০০ মিটার চেইনেজে এই সেতুটি নির্মিত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
দীর্ঘদিন ধরে এই পথে যাতায়াতকারী সাধারণ মানুষকে খেয়া নৌকার ওপর নির্ভর করতে হতো, যা বর্ষা মৌসুমে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াত। নতুন এই সেতু নির্মিত হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর পাশাপাশি যাতায়াতের নিরাপত্তাও নিশ্চিত হবে। এছাড়া, স্থানীয় কৃষি ও মৎস্যজাত পণ্যসহ বিভিন্ন ব্যবসায়িক মালামাল দ্রুততম সময়ে উপজেলা সদর ও জেলা শহরের বাজারগুলোতে পরিবহন করা সম্ভব হবে। এতে পরিবহন ব্যয় কমার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং এলাকার সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
প্রকল্পটি অনুমোদনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। মতলববাসীর জন্য এটিকে বড় সুখবর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বর্ষায় কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খেয়া পার হয়ে স্কুলে যাওয়া, রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য ও মাছ বাজারে পৌঁছানো কতটা কঠিন, তা নদীর দুই পাড়ের মানুষ ভালো করেই জানেন। সেতুটি নির্মিত হলে তাঁদের প্রতিদিনের যাতায়াত সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এবং কৃষক, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা সহজে তাঁদের পণ্য বাজারে নিতে পারবেন।”
তিনি আরও জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে তিনি সেতুটি নির্মাণের আবেদন করেছিলেন। আজ প্রকল্পটি অনুমোদন পাওয়ায় মতলববাসীর সঙ্গে তিনিও অত্যন্ত আনন্দিত। মতলববাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রকল্পটি অনুমোদনে ভূমিকা রাখা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি দ্রুত নির্মাণকাজ শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে প্রকল্পটি অনুমোদনের খবরে মতলব উত্তর উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তারা দ্রুততম সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন।
একনেকে অনুমোদন হওয়ায় মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌফিক আজিম মিশু বলেন, “জনগুরুত্বপূর্ণ এই সেতুটি নির্মাণ হলে এলাকার মানুষের অনেক উপকার হবে। প্রকল্পটি অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের প্রতি মতলব উত্তর উপজেলার জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেতুটি দ্রুত বাস্তবায়ন হবে বলে বিশ্বাস করি।”




