
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) মতলব উত্তর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কলাকান্দা ইউনিয়নের বাহেরচর পাঁচআনি গ্রামের শুক্কুর আলী (৩৮) ও মোহনপুর ইউনিয়নের আইঠাদি প্রামাণিক বাড়ির মহিউদ্দিনের (৪০) কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া উত্তর হলদিয়া বেপারী বাড়ির শাকিল বেপারী ওরফে কালু (২৭) এবং আমিনপুর দেওয়ান বাড়ির ফারুক হোসেন ওরফে স্বপনের (৫১) কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। সব মিলিয়ে অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদকসংক্রান্ত মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




