ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

মতলব উত্তরে সিপাই কান্দি হিন্দু সম্প্রদায়ের ১৬০তম বাৎসরিক মহোৎসব ও কীর্তন শুরু

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ণ




চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নম্বর ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী সিপাই কান্দি হিন্দু সম্প্রদায়ের ১৬০তম বাৎসরিক মহোৎসব ও দুই দিনব্যাপী কীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় সিপাই কান্দি হিন্দু পাড়ার হরে মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মহোৎসবের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি, সিপাই কান্দি গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কার্তিক চন্দ্র দাস। তিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) নির্বাহী পরিচালক (কারিগরি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতির বক্তব্যে কার্তিক চন্দ্র দাস বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে ঐতিহ্যবাহী এ মহোৎসবের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নম্বর ফতেপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তোফায়েল আহমেদ পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বলরাম গোস্বামী, সাধারণ সম্পাদক ও সাংবাদিক শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জিসান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সজিব আল ফালাক।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাধেশ্যাম চন্দ্র শীল, ডা. গৌরাঙ্গ দেবনাথ, পুলিশ সদস্য চন্দন শীল, গোপাল চন্দ্র শীল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন চন্দ্র দাস, যোগেশ চন্দ্র দাস, নেপাল চন্দ্র শীল, উত্তম চন্দ্র দাস, উমেশ চন্দ্র দাস, শ্যামল চন্দ্র শীলসহ এলাকার অসংখ্য নারী-পুরুষ ও ধর্মপ্রাণ ভক্তবৃন্দ।

দুই দিনব্যাপী এ মহোৎসব ও কীর্তনকে ঘিরে সিপাই কান্দি গ্রামসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা বহন করছে।