
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক তিনটি বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টা থেকে উপজেলার জনতার বাজার, এখলাসপুর বাজার ও মোহনপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে মতলব উত্তর থানা পুলিশ সহযোগিতা করে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন সুরক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।
মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে অভিযান পরিচালনা ও ৫০ কেজি ইলিশ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




