
রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো. আল আমিন ও তার স্ত্রীকে ২ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার রাত ১১টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার হাইটেক পার্কসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক মো. আল আমিন (৪৩) রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার স্ত্রীও (৩৮) একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমাদের কাছে খবর ছিল বিপুলসংখ্যক ইয়াবা পাচার হবে। এ কারণে নগরীর বিভিন্ন পয়েন্টে নজরদারি ও চেকপোস্টের মতো ব্যবস্থা নেওয়া হয়। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে চলে যায়। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার মোটরসাইকেল থেকে দুই হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তি রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার স্ত্রীও একটি প্রাইমারি স্কুলের শিক্ষিক। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক বলেন, তদন্ত সাপেক্ষে সরকার এই ঘটনার বিচার করা হবে।




