
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬ পরিচালনাকালে নিষিদ্ধ সময়ে ইলিশসহ অন্যান্য মাছ আহরণের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ সময় ১ হাজার ৪০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চারটি ইঞ্জিনচালিত কাঠের জেলে নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পৃথক সাতটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মতলব উত্তর থানাধীন মেঘনা নদীর বাহেরচর ও নাসিরারচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেন।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় ইঞ্জিনচালিত পুরোনো কাঠের জেলে নৌকায় করে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ আহরণের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৪০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ ছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি ইঞ্জিনচালিত পুরোনো কাঠের জেলে নৌকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পৃথক সাতটি মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতার ১৭ জনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা বন্ধে নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।
মা ইলিশ সংরক্ষণে নিষিদ্ধ সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।




