
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়-মৌচাক এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থেকেও আসামি হয়েছেন রিয়াদ নামে এক যুবক। মামলার ৬ নম্বর আসামি হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ৫ ইং আগস্টের আগে কিংবা পরে কোনো সময়ই রিয়াদ আওয়ামী লীগ বা দলটির সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁকে রাজনৈতিক মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
রিয়াদ সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিম মেম্বারের ছেলে। আব্দুর রহিম মেম্বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তাঁর পরিবারের রাজনৈতিক ও সামাজিক পরিচিতি থাকলেও রিয়াদ নিজে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি স্থানীয়দের।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু কাওসার সবুজ বাদী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়-মৌচাক এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করেন। থানার মামলা নম্বর-৩২। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ৬ নম্বর আসামি করা হয়েছে রিয়াদকে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে চলে যান। তবে রিয়াদ ওই সময়ের আগে কিংবা পরেও দলটির রাজনীতিতে সক্রিয় ছিলেন না। এমনকি রাজনৈতিক কোনো কর্মসূচি বা সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁকে দেখা যায়নি বলে দাবি তাঁদের।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা খোকন বলেন, “রিয়াদকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা আমাদের জানা নেই। তারপরও এ ধরনের মামলায় তাঁর নাম আসায় আমরা বিস্মিত হয়েছি।”
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর বলেন, “৫ আগস্টের আগে বা পরে রিয়াদকে আওয়ামী লীগ কিংবা কোনো সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি। কী কারণে তাঁকে মামলার আসামি করা হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।”
আরেক বাসিন্দা জাকির বলেন, “কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির শিকার না হন। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক। তবে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া মামলায় নাম অন্তর্ভুক্ত করা হলে তা তাঁর ও পরিবারের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।”
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক মামলাকে ব্যবহার করে রিয়াদকে হয়রানি এবং ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করতে পারে। তাঁদের দাবি, মামলায় তাঁর নাম অন্তর্ভুক্তির পেছনে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এলাকাবাসী আরও বলেন, বাসে অগ্নিসংযোগের মতো অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তবে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, কোনো নির্দোষ ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর সুযোগ নেই। তদন্তে ওই ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




