
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় হাতেনাতে তিন দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এসময় পাসপোর্ট সেবা নিতে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা দালালদের দৌরাত্ম্য রয়েছে কি-না, সে বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে পাসপোর্ট অফিসে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করেন সংসদ সদস্য। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সেবা নিতে আসা সুমন জানান, পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে যেন অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয় কিংবা কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে না হয়, সেজন্য দালালচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শন সরকারি সেবাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধ এবং জনভোগান্তি কমবে বলে মনে করি।
ঝটিকা অভিযান শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, আসলেই এখানকার পরিবেশ ভালো না। দেশের উন্নতি উন্নয়নে সবার সহযোগিতা দরকার। আমি সাংবাদিকদেরকে বলব, আপনারা মাঝেমধ্যে এখানে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত দেখতে চাই।’




