
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ হিমেল উদ্দিন মোল্লা শিমুল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের গাজীপুর, নবুরকান্দি, রাড়ীকান্দি, মান্দারতলীসহ বিভিন্ন গ্রাম, বাজার ও মহল্লায় তিনি গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মোঃ হিমেল উদ্দিন মোল্লা শিমুল বলেন, “দল-মত নির্বিশেষে ফতেপুর পশ্চিম ইউনিয়নের সব মানুষ আমার পরিবার। আমি এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ও রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, প্রতিটি মানুষ ন্যায়বিচার ও সমান অধিকার পাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে আমি আপসহীন ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই তাঁর লক্ষ্য। জনগণের আস্থা ও সহযোগিতা পেলে ফতেপুর পশ্চিম ইউনিয়নকে আরও উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ হিমেল উদ্দিন মোল্লা শিমুল মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, দক্ষিণ গাজীপুর কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি এবং গাজীপুর চেয়ারম্যান বাজারের প্রতিষ্ঠাতা জমিদার হিসেবে পরিচিত। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
তিনি ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খবির উদ্দিন মোল্লার জ্যেষ্ঠ পুত্র। পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন এই চেয়ারম্যান প্রার্থী।




