
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বেশি গুরুত্ব * আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য
দেশের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ও জলাবদ্ধতা নিরসনে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে নেওয়া এই প্রকল্পটি এবারের অনুমোদিত উন্নয়ন উদ্যোগগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব বহন করছে। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
এদিকে একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। উন্নয়নের সুফল যেন শুধু শহরের মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং দেশের অধিকাংশ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে চায় সরকার।
তিনি বলেন, অর্থবছরের সময়সীমার সঙ্গে সমন্বয় করতে গিয়ে কোনো কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাইয়ের শর্ত পূরণ করতে হবে।
প্রকল্পের আওতায় সেতু নির্মাণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অতীতে অনেক সেতু নির্মাণের ফলে নদীর প্রশস্ততা ও স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন সেতুর নকশায় নদীর দুই তীরের মধ্যে সংযোগ নিশ্চিত করার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম লক্ষ্য হচ্ছে বৈষম্য কমিয়ে একটি সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। শুধু শহরকেন্দ্রিক বিনিয়োগ হলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবেন। তাই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেন জোনায়েদ সাকি।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকারে পরিবর্তন আসে। কখনো সড়ক যোগাযোগ, কখনো মেট্রোরেল, কখনো পানি ব্যবস্থাপনা আবার কখনো গ্রামীণ অবকাঠামো গুরুত্ব পায়। এবারের একনেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প বেশি এসেছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসে এ ধরনের প্রকল্প আরও বেশি আসতে পারে।
পানি ব্যবস্থাপনায় দেশব্যাপী উদ্যোগ: দেশের বিভিন্ন অঞ্চলে খাল, ছোট নদী ও জলাশয় ভরাট হয়ে যাওয়া এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট কৃষির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় খনন ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ সচল করা এবং সেচ সুবিধা বাড়ানোর উদ্যোগটি গুরুত্বপূর্ণ।
প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী, এর মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী কাজ করা হবে।
এ উদ্যোগের গুরুত্ব শুধু জলাবদ্ধতা নিরসনে সীমাবদ্ধ নয়। কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়ানো, বর্ষার পানি দ্রুত নিষ্কাশন এবং স্থানীয় জলসম্পদের ব্যবহার উন্নত করার সুযোগ তৈরি হতে পারে।
সেতু নির্মাণে সবচেয়ে বড় প্রকল্প: অর্থের হিসাবে এবারের একনেক সভায় সবচেয়ে বড় প্রকল্প উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ। এতে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, বিচ্ছিন্ন জনপদের সঙ্গে সড়ক সংযোগ স্থাপন এবং পণ্য পরিবহন সহজ করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব এলাকায় নদী ও খালের কারণে সরাসরি সড়ক যোগাযোগ ব্যাহত হয়, সেখানে দীর্ঘ সেতু নির্মাণ মানুষের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
নদীভাঙন রোধ ও রাজধানীর পানি ব্যবস্থাপনা: পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা রাখা হয়েছে।
রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণেও ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।
গ্রামীণ অবকাঠামো ও সড়ক উন্নয়ন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা, ফরিদপুর ও রাজবাড়ীতে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা এবং বৃহত্তর যশোরে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।
অন্যদিকে, মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নয়নে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
সব মিলিয়ে ১৬টি প্রকল্পের মোট ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।




