
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে নভেম্বর মাসের নিয়মিত মাসিক সভা এবং এলপিআর (অবসরোত্তর ছুটি) ও বদলিজনিত কারণে বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মোস্তফা কামাল মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবার মান আরও গতিশীল করার ওপর বিশেষ জোর দেন। তিনি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকল কর্মকর্তা ও কর্মচারীকে সততা, নিষ্ঠা ও দলগতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং প্রসবপূর্ব ও পরবর্তী সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান মতলব উত্তর উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এলপিআর-এ গমণকারী এবং বদলিজনিত কারণে বিদায়ী কর্মকর্তাদের কর্মময় জীবনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ ও অভিনন্দন জানানো হয়।
উক্ত সভায় উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মকর্তা, মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং কার্যালয়ের অন্যান্য দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে একটি সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘটে।




