ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

সিদ্ধিরগঞ্জে নিজের নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ, প্রতিবাদ জানালেন মনির হোসেন

প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ৭:৩৫ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




নিজের নাম ব্যবহার করে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল পাইনাদী এলাকার‌ মোঃ মনির হোসেন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট অনলাইন পত্রিকা ও নিউজ চ্যানেলকে প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হিরাঝিল সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক লিখিত বক্তব্যে মনির হোসেন এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, অনলাইন পত্রিকা ‘আমাদের জাগরণ’ এবং নিউজ চ্যানেল ‘নিউজ-৯’-এ তাঁর নাম ব্যবহার করে এলাকার মুরুব্বি মনিরুল ইসলাম রবি ও মফিজুল হকের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিষয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কোনো সাংবাদিক তাঁর সঙ্গে যোগাযোগ করেননি কিংবা তাঁর বক্তব্যও গ্রহণ করেননি বলে দাবি করেন তিনি।

জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে মনির হোসেন জানান, তাঁর বাবা মরহুম সাইফুদ্দিন জীবিত থাকাকালে মৌজা-এটি, দাগ নম্বর ১০৪-এর অন্তর্ভুক্ত ১০.৫০ শতাংশ জমি আকাশ ইঞ্জিনিয়ারিংয়ের কাছে বিক্রি করেন। ২০০১ সালের ২ মে ১৪০১ নম্বর দলিলের মাধ্যমে ওই জমি বিক্রি করা হয়। পরবর্তী সময়ে আকাস ইঞ্জিনিয়ারিংয়ের নামে জমিটি নামজারি ও খারিজ করা হয়।

পরবর্তীতে আকাস ইঞ্জিনিয়ারিং ওই জমির ৪.৮৮ শতাংশ হারুনুর রশিদের কাছে বিক্রি করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল ৩৭০৯ নম্বর দলিলের মাধ্যমে জমিটি হস্তান্তর করা হয়। হারুনুর রশিদও নিজের নামে জমির নামজারি ও খারিজ সম্পন্ন করেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী সময়ে জমির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তিনি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয় আমিনের মাধ্যমে জমি পরিমাপ করান। বিরোধটি শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা করা হয়। বর্তমানে বিরোধ নিষ্পত্তির শেষ পর্যায়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।

মনির হোসেন বলেন, তাঁদের উদ্দেশ্য ছিল জমির প্রকৃত সীমানা নির্ধারণ করে বিরোধের সমাধান করা; কোনো ধরনের বিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। প্রকৃত ঘটনা যাচাই না করে এবং তাঁর বক্তব্য গ্রহণ না করে সংবাদ প্রকাশ করায় তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকাশিত সংবাদ যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি অনলাইন পত্রিকা ও নিউজ চ্যানেলকে সংশ্লিষ্ট সংবাদ প্রত্যাহার না করলে আইনগত আশ্রয় নেওয়ার কথাও উল্লেখ করেন।