
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত ১৮১ জন সহকারী প্রকৌশলীকে নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নবনিযুক্ত প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ববোধ জাগ্রত করা এবং কর্মক্ষেত্রে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোঃ শহীদুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের দায়িত্ব ও কর্তব্য, পেশাগত আচরণ, কর্মক্ষেত্রে দক্ষতা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পেশাদারত্বের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এলজিইডির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে নবনিযুক্ত প্রকৌশলীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তারা আরও বলেন, নবীন প্রকৌশলীদের দক্ষতা ও কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে এলজিইডির চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করা সম্ভব হবে।
নবনিযুক্ত ১৮১ জন সহকারী প্রকৌশলীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে তাদের কর্মজীবনের শুরুতেই দায়িত্ব পালনে প্রস্তুত করাই ছিল এ ওরিয়েন্টেশন আয়োজনের মূল উদ্দেশ্য।




