ছবি ভিডিও ভিডিও
রাজনীতি, সারা দেশ

মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোঃ রাসেল সরকার (সিডু)

প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | ১১:০৮ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক



উন্নয়ন অগ্রগতি ও জনসেবার প্রত্যয়ে জনগণের সমর্থন কামনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক মোঃ রাসেল সরকার (সিডু)। ইতোমধ্যে তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তাঁর সমর্থকদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণামূলক পোস্টার ও ব্যানার দেখা যাচ্ছে।
প্রচারণায় মোঃ রাসেল সরকার (সিডু) জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন, ‘জনপ্রতিনিধিত্ব কোনো পেশা নয়, জনগণের সেবায় একমাত্র লক্ষ্য।’ তাঁর প্রচারণার অন্যতম স্লোগান—‘কথায় নয়, কাজে হবে পরিচয়।’
তিনি নিজেকে তারুণ্যের অহংকার ও একজন সমাজসেবক হিসেবে তুলে ধরে মোহনপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
রাসেল সরকার (সিডু) জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে জনগণের দোরগোড়ায় সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করবেন। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে চান তিনি।
তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে—ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
এ ছাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে মোহনপুরকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
স্থানীয় জনগণের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মোহনপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।
জনসেবাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন ও অগ্রগতির ধারায় মোহনপুর ইউনিয়নকে এগিয়ে নিতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রত্যাশী মোঃ রাসেল সরকার (সিডু)।