ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

নারায়ণগঞ্জে পাগলা বাড়ি মোড়ে স্পিড ব্রেকার স্থাপন, প্রশংসায় যুবদল নেতা শহিদুল ইসলাম

প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | ২:৫০ অপরাহ্ণ




নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাগলা বাড়ি মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্পিড ব্রেকার স্থাপন করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে এ উদ্যোগ নেওয়ায় প্রশংসায় ভাসছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।

স্থানীয় বাসিন্দাদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের মতে, পাগলা বাড়ি মোড়ে অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে পথচারীদের প্রায়ই ঝুঁকির মধ্যে পড়তে হতো। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের রাস্তা পারাপারে ভোগান্তি পোহাতে হতো।

এলাকাবাসীর এসব সমস্যার কথা বিবেচনা করে স্পিড ব্রেকার স্থাপনের উদ্যোগ নেন যুবদল নেতা শহিদুল ইসলাম। তাঁর এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

স্পিড ব্রেকার স্থাপনের কাজ চলাকালে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ ও উজ্জ্বলসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, পাগলা বাড়ি মোড়ে অটোরিকশার অতিরিক্ত গতির কারণে পথচারীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা ছিল। স্পিড ব্রেকার স্থাপনের ফলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের নিরাপদে রাস্তা পারাপারে সহায়ক হবে বলে তাঁরা আশা করছেন।

জনস্বার্থে এমন উদ্যোগ গ্রহণ করায় শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও এলাকার মানুষের দুর্ভোগ নিরসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।