ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | ২:৪২ অপরাহ্ণ




চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের এক বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার ফরহাদ হোসেন ওই এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে চর ওয়েস্টার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। অভিযানে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অস্ত্রটি কোথা থেকে কীভাবে এসেছে, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।