
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে নিয়মিত ও প্রতারণা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আট কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মতলব উত্তর থানা-পুলিশের পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিয়মিত মামলায় ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর এলাকার মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল মালেক মোল্লা ও মৃত রেজিয়া বেগমের ছেলে। পুলিশি বিজ্ঞপ্তিতে তাকে ফরাজীকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রতারণা মামলায় মো. আলামিন সানা (৩৬) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার তালা থানার খেশরা এলাকার বাসিন্দা। পুলিশি বিজ্ঞপ্তিতে তিনি মতলব উত্তর উপজেলার লুধুয়া বাজার শাখার একজন শাখা ব্যবস্থাপক বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আট কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাদের পরিচয় ও অভিভাবকত্ব যাচাই-বাছাই করে প্রকৃত অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
মতলব উত্তর থানা-পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রম, অপরাধ দমন এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




