
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের সাতটি পূজামণ্ডপে আর্থিক অনুদান উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আলম ইমন। প্রতিটি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
১৮ অক্টোবর শনিবার দুর্গাপুর ইউনিয়নের সাতটি পূজামণ্ডপ পরিদর্শন করে আয়োজকদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনসুর আলম ইমন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে তিনি এ অনুদান প্রদান করেন।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সদস্য নাজমুল হাসান জিসান, যুবদল নেতা খবির মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আল আমিন মিয়াজী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী তারিফুল ইসলাম তুহিন এবং ৫নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিহাব বেপারী।
এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
স্থানীয়ভাবে ধর্মীয় উৎসবে সহযোগিতার এমন উদ্যোগকে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




