
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত নতুন কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেস ও যন্তর মন্তরের আশপাশে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে রাজধানীতে আধাসামরিক বাহিনীর কয়েকটি কোম্পানি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
‘লেহরা দো তিরঙ্গা’ শিরোনামে বিক্ষোভ কর্মসূচিটির ডাক দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ‘তিরঙ্গা’ বলতে মূলত ভারতের জাতীয় পতাকা বোঝায়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। শুধু দিল্লি নয় এদিন বিকেল ৫টায় অন্যান্য শহরেও একই সময়ে তেরঙ্গা মিছিল আয়োজনের ডাক দিয়েছে সিজেপি।
পুলিশ সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি ব্যারিকেড বসানো ও বিক্ষোভকারীদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হবে।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কনট প্লেস সরকারিভাবে নির্ধারিত কোনো বিক্ষোভস্থল নয়। যন্তর মন্তরকেও নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনীয় অনুমতি নিয়ে বিক্ষোভকারীরা রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড অথবা সিবিডি গ্রাউন্ডে সমাবেশ করতে পারবেন।
দুই নেতার গ্রেফতারের পর বিক্ষোভের ডাক
সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে পৌঁছানোর পর গ্রেফতার হন। পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরই নতুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।
এক বিবৃতিতে অভিজিৎ দীপকে নাগরিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য, জাতীয় পতাকা ওড়ানো গণতান্ত্রিক অধিকার।
সূত্র: ইকোনমিক টাইমস




