
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের অভিযোগ। ঘটনার বিষয়ে জানাজানি হওয়ার পর রবিবার (২ নভেম্বর) রাতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় আবারও উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে যায়।
শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার দিন সকালে তার বাবা আলমাছ শিশুটিকে নিয়ে অভিযুক্তের বাড়িতে যান। সেখানে অভিযুক্তের মোবাইল ফোনে কার্টুন দেখছিল শিশুটি। একপর্যায়ে শিশুটিকে সেখানে রেখে আলমাছ চলে গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির ওপর যৌন নির্যাতন চালান। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয় বলেও অভিযোগ করেন তিনি।
শিশুটির মা আরও জানান, মেয়েকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার কথা জানায়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য অভিযুক্তের পরিবারের কাছে সহযোগিতা চাইতে যান তিনি। তবে তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে উল্টো হুমকি দেন বলে অভিযোগ করেন শিশুটির মা। পরে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দেওয়া হলেও তা পর্যাপ্ত ছিল না বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় শিশুটির দ্রুত চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।




