
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির অভিযানে একটি রেস্টুরেন্ট থেকে ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে রেস্টুরেন্টটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) উপজেলার মোহনপুর, নয়াকান্দি ও এখলাসপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোহনপুর পর্যটন এলাকার ফুড ভিলেজ রেস্টুরেন্ট থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়।
অভিযানে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। অভিযানে সহযোগিতা করে মতলব উত্তর থানা পুলিশ।
অভিযান শেষে জব্দ করা ৪ কেজি ইলিশ মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়।
মা ইলিশ সংরক্ষণ ও অবৈধভাবে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




