
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ ও মোহনপুর নৌ পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী এ অভিযানে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩ কেজি ইলিশ মাছ এবং মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এবং মোহনপুর নৌ পুলিশের সদস্যরা।
অভিযান চলাকালে উপজেলার মোহাম্মদপুর, বোরচর, বাহাদুরপুর, কালিরচর ও এখলাসপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মো. মহিন (২২) ও মো. আসিফ হোসেন (১৯)-এর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অপর দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা ইলিশ মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে মেঘনা নদীসহ সংশ্লিষ্ট এলাকায় মৎস্য বিভাগ ও নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




