ছবি ভিডিও ভিডিও
জাতীয়

৪৫তম বিসিএসে গেজেট প্রকাশ, ১৭০২ জন নিয়োগ

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | ৯:২১ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক



৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৪৫তম বিসিএসে মোট ১ হাজার ৭০২ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৬৬ জন, পুলিশ ক্যাডারে ৭১ জন এবং পররাষ্ট্র ক্যাডারে নয়জন রয়েছেন। পিএসসি এর আগে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। তবে এদের মধ্যে ১০৫ জন বাদ পড়েন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর পিএসসির পাঠানো সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১ নভেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে তাদের যোগদান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না এলে নির্ধারিত তারিখেই যোগদান করতে হবে।

নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অসম্মত বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

এর আগে ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুরু হয়েছিল ৪৫তম বিসিএস নিয়োগপ্রক্রিয়া। পরের বছর মে মাসে প্রিলিমিনারি, ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত ও ২০২৫ সালের ৮ জুলাই থেকে কয়েক ধাপে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। পরে ওই বছরের ২৬ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।