ছবি ভিডিও ভিডিও
অর্থনীতি

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস ট্রাকসেল কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ৮:১৯ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ



গার্মেন্ট ধরলস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে জেলার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের জীবনযাত্রার ব্যয় কমানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় বিশেষ ওএমএস কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জেলার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতি শুক্রবার স্বল্পমূল্যে চাল বিক্রি করা হবে। সরকারের এ সুবিধা যেন প্রকৃত শ্রমিকরা গ্রহণ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিশেষ এ কর্মসূচির আওতায় একজন গার্মেন্টস শ্রমিক প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল সংগ্রহ করতে পারবেন। আগামী তিন মাস পর্যন্ত প্রতি শুক্রবার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্পমূল্যে চাল বিক্রির এ উদ্যোগ গার্মেন্টস শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যব্যয়ের চাপ কমাতে সহায়ক হবে।