
কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, স্বাস্থ্য সচেতনতা ও প্রয়োজনীয় করণীয় সম্পর্কে ধারণা দিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে কিশোরীবান্ধব স্বাস্থ্য সচেতনতামূলক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয়ের শতাধিক কিশোরী শিক্ষার্থীর অংশগ্রহণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. আবু সাইদের সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।
ক্যাম্পে কিশোরীদের বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা এবং এ সময়ে করণীয় বিষয়ে পরামর্শ দেন দুই নারী চিকিৎসক। তাঁরা হলেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রীমা আক্তার এবং ছেংগারচর মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেসের মেডিকেল অফিসার ডা. ইভা আক্তার।
চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের পরামর্শ সভা শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিনের সভাপতিত্বে এবং ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপক ডা. আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসীন সরকার।
এ সময় বক্তব্য দেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল এহসান বাবু ও ইয়াছিন হাওলাদার, সমাজসেবক মাসুদুর রহমান এবং ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূরে আলম অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, গ্রামাঞ্চলের অনেক কিশোরী লজ্জা, সংকোচ ও দ্বিধার কারণে বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন কিংবা স্বাস্থ্যগত সমস্যা নিয়ে কারও সঙ্গে কথা বলতে পারে না। ফলে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা থেকে তারা বঞ্চিত হয়। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে নারী চিকিৎসকদের মাধ্যমে এ ধরনের আয়োজন কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও বলেন, কিশোর-কিশোরীদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি তাদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করা একটি সুস্থ জাতি গঠনের জন্য জরুরি। এ জন্য কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। শুধু সরকারের পক্ষে এ দায়িত্ব পালন সম্ভব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক ও সমাজের সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।




