
বিশ্ববাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু ও মানসম্মত পণ্য হিসেবে পরিচিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেছেন, “আমরা বিশ্বের বাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু মাছ হিসেবে পরিচিত করাতে চাই। এটি করতে পারলে শুধু মৎস্যজীবীদের নয়, দেশের অর্থনীতিরও পরিবর্তন হবে।”
সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা মৎস্য অফিসে মৎস্যজীবীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের নদী ও সমুদ্রে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। এসব মাছের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গুণগত মান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যজীবীদের দক্ষতা বাড়াতে হবে।
মৎস্যজীবীদের সন্তানদের আধুনিক শিক্ষায় উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগের কথাও জানান তিনি। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মৎস্যজীবীদের সন্তানদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে এ ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
মানুষের খাদ্যাভ্যাস ও রুচির পরিবর্তনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মের পছন্দ আগের প্রজন্মের চেয়ে আলাদা। তাই দেশি ও আন্তর্জাতিক বাজারে কোন প্রজাতির মাছের চাহিদা বেশি, তা বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই চলবে না, মাছের স্বাদ ও গুণগত মানও নিশ্চিত করতে হবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের কিন্তু যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। না হলে আমাদের কাজগুলো যন্ত্র নিয়ে যাবে।” অল্প জায়গায় অধিক মাছ উৎপাদন, উপযুক্ত খাবার নির্বাচন এবং উন্নত চাষপদ্ধতি অনুসরণের মাধ্যমে মৎস্য খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
আগামী পাঁচ থেকে দশ বছরে মাছ চাষ ও আহরণের প্রচলিত পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বিশ্বের বিভিন্ন দেশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়াচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকেও প্রযুক্তিনির্ভর ও দক্ষ মৎস্য খাত গড়ে তুলতে হবে।
মৎস্যজীবীদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমরা আমাদের সকল জেলে ভাইয়ের কাছে অনেক বেশি ঋণী।” জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ আহরণ করে জেলেরা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বক্তব্যে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের সচেতন নজর রাখতে হবে।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তার কাজের প্রশংসা করে তিনি বলেন, জেলেপল্লি পরিদর্শনের সময় মৎস্যজীবীদের সঙ্গে ওই কর্মকর্তার আন্তরিক সম্পর্ক তাকে মুগ্ধ করেছে।
মৎস্যজীবীদের সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।




