
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জিয়াউর রহমান জিয়া বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পালন করবেন—এটাই প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহ্ আলম লস্কর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি বলরাম গোস্বামী এবং গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।




