ছবি ভিডিও ভিডিও
নিজস্ব প্রতিবেদক

ফতেপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরী

প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | ৬:৪০ অপরাহ্ণ




শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরী। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি নান্দুরকান্দি এলাকার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
মশিউর রহমান চৌধুরী ঐতিহ্যবাহী ফতেপুর চৌধুরী বাড়ির কৃতী সন্তান। তিনি দীর্ঘ ৪০ বছর দায়িত্ব পালনকারী সাবেক চেয়ারম্যান মরহুম ওহিদুর রেজা চৌধুরীর ভাতিজা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
মণ্ডপ পরিদর্শনকালে মশিউর রহমান চৌধুরী বলেন, “আমি ফতেপুর পূর্ব ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করব এবং সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে একটি সুন্দর, সম্প্রীতিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন তোফাজ্জল সরদার, হানিফ গাজী, শাকিল সরদার, ইমরান সরদার, রাজু গাজী, মুরাদ চৌধুরী, জিল্লুর দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।