ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

মতলব উত্তরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | ৬:২৯ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুরের জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়াকে সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপে মোতায়েন পুলিশ সদস্যদের দায়িত্ব পালন ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন তাঁরা। এ সময় মণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যক্রম খতিয়ে দেখার পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, পূজা চলাকালে ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশের সার্বিক নজরদারি অব্যাহত থাকবে।

তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদেরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।