চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নির্বাচনী তৎপরতা ও আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল সরকার সিডু নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোহনপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতিমধ্যে প্রচার-প্রচারণার আমেজ শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রাসেল সরকার সিডুর নামও বেশ আলোচনায় রয়েছে। নিয়মিতভাবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং মতবিনিময় করছেন তিনি।
প্রচারণাকালে তিনি এলাকার নানা সমস্যা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সামগ্রিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি যুক্ত থাকা এবং ইউনিয়নবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি তুলে ধরে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন।
অন্যদিকে, নির্বাচনকে ঘিরে ইউনিয়নজুড়ে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আড্ডায় প্রার্থীদের কর্মকাণ্ড ও সম্ভাবনা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ভোটারদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।