চাঁদপুরে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেছেন, অপরাধী যে-ই হোক, এমনকি নিজের আপন ভাই হলেও কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের আপস করা হবে না।
চাঁদপুরের ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এলাকায় কেউ যেন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থে অপকর্মে জড়িত হলে তার দায় দল নেবে না। বরং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও জনগণের কল্যাণের রাজনীতি। তাই দলের কোনো নেতাকর্মীর কারণে সাধারণ মানুষ যেন হয়রানি বা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। কোনো অপশক্তি বা দুষ্কৃতিকারী যেন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে জন্য স্থানীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যথাযথ কর্তৃপক্ষকে জানানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় চাঁদপুরের ১৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চাঁদপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার এবং যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।