দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুনসন্ত্রাস রুখে দিতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দলটি নিজেরাই প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছে, তখন পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। গত কয়েক দিনের ঘটনায় দলটির পুরোনো চরিত্র আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দলটির পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি। বিদেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রাখার মনোভাব স্পষ্ট হয়ে গেছে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি। ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর উদ্দেশে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রীবেগম খালেদা জিয়ার দেওয়া ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ স্লোগানও স্মরণ করেন।
এর আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলায় সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংসদের অধিবেশন শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বলেন তিনি।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর না করে প্রত্যেক সংসদ সদস্যকে নিজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের অতীত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগে দলটির সঙ্গে প্রশাসন ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো থাকলেও তারা ক্ষমতায় টিকতে পারেনি। এখন তাদের সঙ্গে কেউ নেই।
বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেটের বাধা: সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের কারণে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। পলাতক সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত বা কমিয়ে দিয়েছিল।
তিনি জানান, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করা সম্ভব হয়েছে। দেশটিতে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়েও অগ্রগতি হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।
প্রণোদনা দিয়ে বিদেশে যাওয়ার খরচ কমানোর প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অর্থের উৎস ও বাস্তবায়নপ্রক্রিয়া স্পষ্ট করা হলে সরকার বিষয়টি বিবেচনা করতে পারে। সংসদ সদস্য কামরুল হাসান অভিযোগ করেন, দালালদের প্রতারণায় অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। দেশভিত্তিক কর্মীর চাহিদা ও অভিবাসন ব্যয় প্রকাশেরও প্রস্তাব দেন তিনি।
স্বাস্থ্যসেবায় বাড়ছে হাসপাতালের শয্যা: স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে দেশের সব উপজেলা হাসপাতালে নতুন শয্যা সংযোজনের দরপত্র প্রক্রিয়া শুরু হবে। আগামী পাঁচ বছরে ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সরকারি হাসপাতালে শয্যাসংকটের কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে থাকতে হয়। এমন রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ বলে একটি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও গত কয়েক মাসে সারাদেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা যুক্ত করা হয়েছে।
ঢাকায় বসছে এআই ট্রাফিক সিগন্যাল: রাজধানীর যানজট কমাতে ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এগুলো চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে তিন মাস আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন সিগন্যাল চালু হলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং যানজট কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে বড় শহরগুলোতে যানজট তৈরি হলেও মানুষের চলাচল সহজ করতে সরকার কাজ করছে।
মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর চিন্তা: রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, কয়েকটি রুটে মেট্রোরেল চালু হয়েছে। বাকি রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তুলনামূলক কম জায়গা ব্যবহার করে চলাচলের সুযোগ থাকায় মনোরেল চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাবে তা বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরা হয়।