চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রাতের আঁধারে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হয়েছে নিঃস্বার্থ সংগঠন চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনাল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ডিপি স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে মধ্য ইসলামাবাদ এফসি।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পর্যাপ্ত আলোকসজ্জার মাধ্যমে এ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের খেলায় দুই দলের খেলোয়াড়রা একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কেউ গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইবেকারে। সেখানে ডিপি স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মধ্য ইসলামাবাদ এফসি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এলাকায় খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
খেলায় সভাপতিত্ব করেন সমাজসেবক সফিকুল ইসলাম। কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য মধ্য ইসলামাবাদ এফসির খেলোয়াড় আলিফ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ পরিচালনা করেন শাহরিয়ার হাসান সবুজ এবং ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির আহমেদ।
রাতের এ ফুটবল ম্যাচ ঘিরে মাঠে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। ফ্লাডলাইটের আলোয় খেলা উপভোগ করেন স্থানীয় ফুটবলপ্রেমী, নিঃস্বার্থ সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলোয়াড়দের দারুণ প্রতিদ্বন্দ্বিতা এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মধ্য ইসলামাবাদ এফসির ফাইনাল নিশ্চিতের মধ্য দিয়ে টুর্নামেন্টের পরবর্তী লড়াই ঘিরেও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।