চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপির স্বাক্ষরে অনুমোদিত চাঁদপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটিতে সভাপতি হিসেবে নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ বাহার দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আব্দুল মান্নান সাগর বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। দলের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে একটি ঐক্যবদ্ধ, গ্রহণযোগ্য ও শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আমরা প্রত্যাশা করি।
আব্দুল মান্নান সাগর বলেন, মতলব উত্তরসহ চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। নবীন ও প্রবীণ নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।
পরিশেষে তিনি মতলব উত্তর উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।