চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম লস্কর। বুধবার (১৮ নভেম্বর) বৈদ্যনাথপুর গ্রামের কুদরুত আলী প্রধানের বাড়িতে আয়োজিত এ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য বিনিময় ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলার সময় শাহ আলম লস্কর বলেন, “আমি আপনাদের শাহ আলম লস্কর। চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আপনাদের আনন্দ-বেদনা ভাগাভাগি করে নিতে চাই। অতীতেও আমি আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। মানুষের পাশে থাকা আমার কাছে শুধু নির্বাচনের বিষয় নয়, এটি আমার আন্তরিকতা, দায়িত্ববোধ ও ভালোবাসার জায়গা।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে কোনো রাজনৈতিক পরিচয় কিংবা পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। মানুষের ভালোবাসা ও আস্থাকে গুরুত্ব দিয়ে গজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই তাঁর লক্ষ্য। সুযোগ ও সামর্থ্য অনুযায়ী এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শাহ আলম লস্কর বলেন, জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা করা। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চান তিনি। একই সঙ্গে গজরা ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মালুম বকাউল, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মোহাম্মদ খোকন, সবুজ সরকার, শ্যামল মিয়া, মনির হোসেন, স্বপন বকাউল, জাকির কাজীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বৈদ্যনাথপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে শাহ আলম লস্করের উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।