সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট সংলগ্ন একটি ফাঁকা রাস্তায় প্রকাশ্য দিবালোকে এক কর্মজীবী নারীকে এক বয়স্ক পুরুষ পথচারী অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। ওই নারী প্রতিবাদ জানালে তাকে পোশাক-পরিচ্ছদ নিয়ে গালিগালাজ করা হয়। এ সময় আরেক পথচারী ঘটনার প্রকৃত বিষয় না জেনেই নিপীড়নের শিকার নারীকেই তিরস্কার করেন। আশপাশে অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেননি বলে ভিডিওতে দেখা যায়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মহিলা পরিষদ জানায়, নারীর প্রতি এ ধরনের আচরণ এবং প্রতিবাদকারী নারীকে উল্টো দোষারোপ করার প্রবণতা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। শুধু পথেঘাটে হয়রানি নয়, হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধের দ্রুত বিচার প্রতিষ্ঠা করা জরুরি। কোনো নারী বা কন্যাশিশু যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হয়, সে জন্য পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন এক বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং নারীদের নিরাপদ চলাচল ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।