চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন অসুস্থ বড় ভাই। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরে পারিবারিক সিদ্ধান্তে দুই ভাইকে একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।
পরিবারের সদস্য ও স্বজনদের সূত্রে জানা যায়, হাছান খান বোয়ালিয়া এলাকায় প্রবাসী মনজিলের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
হাছান খানের মৃত্যুর পর বাদ জোহর বোয়ালিয়া এলাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর নিজ গ্রাম নবকলসে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল।
এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন বড় ভাই হাসেম খান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
একই বাড়ির প্রতিবেশী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের প্রবাসী মনজিলের বাড়িতে বিশ্বস্ততার সঙ্গে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন। পরিবার নিয়ে তিনি ওই এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁকে গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতির মধ্যেই বড় ভাইয়ের মৃত্যুর খবর আসে।
পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাতে বাদ এশা নবকলস গ্রামের মসজিদের সামনে দুই ভাইয়ের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাঁদের দাফন করা হয়।
একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু এবং পাশাপাশি দুটি কবর খোঁড়ার ঘটনায় নবকলস গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।