চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ফয়েজ আহমেদ। ইউনিয়নকে আধুনিক, উন্নত, পরিচ্ছন্ন ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে চান তিনি।
ফয়েজ আহমেদ মতলব উত্তর উপজেলা যুবদলের সদস্য এবং ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি মনে করেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।
চেয়ারম্যান পদপ্রার্থী ফয়েজ আহমেদ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গ্রামীণ সড়ক সংস্কার, গুরুত্বপূর্ণ স্থানে সড়কবাতি স্থাপন, পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে চান। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিশেষ করে তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গঠনমূলক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চান।
এ ছাড়া অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহযোগিতা এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে চান তিনি।
ফয়েজ আহমেদ বলেন, সাদুল্লাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করতে চাই। মানুষের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না।
তিনি আরও বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করতে চান। একটি শান্তিপূর্ণ, নিরাপদ, বৈষম্যহীন ও উন্নয়নমুখী সাদুল্লাপুর গড়ে তুলতে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করার প্রত্যাশা নিয়ে সাদুল্লাপুর ইউনিয়নের মানুষের সঙ্গে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান চেয়ারম্যান পদপ্রার্থী ফয়েজ আহমেদ।