চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচ আনি মাদ্রাসা মাঠে ছোট-বড়দের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে স্থানীয় তরুণদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফুটবল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফ উল্লাহ মুন্সী।
এ সময় এলাকার সম্মানিত মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সী তরুণরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি মো. আরিফ উল্লাহ মুন্সী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে সহায়তা করে।