চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের তৎপরতায় প্রায় দেড় মাস ধরে নিখোঁজ থাকা ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্র সাফায়েত ইসলামকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে মতলব দক্ষিণ থানাধীন ধনার পাড়া এলাকা থেকে নিখোঁজ হয় সাফায়েত ইসলাম। এ ঘটনায় তার বাবা সাবের ইসলাম ৮ সেপ্টেম্বর মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনাটির গুরুত্ব বিবেচনায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তাঁদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একাধিক দল শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, সে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে ঢাকায় চলে যায়। পরে ঢাকায় এক ব্যক্তির মাধ্যমে কাজের প্রলোভনে লঞ্চযোগে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন কাজ করার পর সে সেখান থেকে পালিয়ে ট্রেনে করে ঢাকার কমলাপুরে আসে। এরপর ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে ষাটনল লঞ্চঘাটগামী একটি লঞ্চে ওঠে। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে।
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর শিশুটিকে উদ্ধার করতে পারায় স্বস্তি ফিরেছে তার পরিবারে। পুলিশের তৎপরতা ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।