কুমিল্লার বরুড়ায় রাস্তা পারাপারের সময় বলাকা বাসের ধাক্কায় জিয়া উদ্দিন (৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার ডান পায়ের ঊরুর হাড় ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার দেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় শিশুটি বলাকা বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতের বিষয়টি জানান। তার ডান পায়ের ঊরুর হাড় ভেঙে ভেতরের দিকে ঢুকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমেক হাসপাতালে রেফার করা হয়।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বলাকা বাসটির কয়েকটি গ্লাস ভাঙচুর করে।
এ বিষয়ে শ্রমিক নেতা আবদুল জলিল জানান, বাসটির মালিকের বাড়ি কুমিল্লা সদর এলাকায়। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। আহত শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে তিনি জানান।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, বলাকা বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। আহত শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এ বিষয়ে আহত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।