চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামে সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বসতবাড়িতে প্রবেশের পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। এতে বাড়ির লোকজন চলাচলে ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনার প্রতিবাদে রোববার (১৮ অক্টোবর) সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাড়িতে যাতায়াতের পথ উন্মুক্ত রাখা এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, বাড়ির প্রবেশমুখে বাঁশের বেড়া দেওয়ায় পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। বিশেষ করে স্কুলপড়ুয়া সন্তানদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আখি আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে তারা বাড়িটি নির্মাণ করেছেন। বাড়িতে প্রবেশের জন্য গেট নির্মাণের উদ্যোগ নেওয়ার সময় প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়। এতে পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন।
তিনি আরও বলেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। বেড়া দেওয়ার কারণে ছেলে সাইকেল নিয়ে বের হতে পারছে না। স্কুলে যেতে তাকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হচ্ছে।
মামুন মোল্লার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে আশরাফুল জানায়, প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ির সামনে বেড়া দেওয়ায় সে সাইকেল নিয়ে বের হতে পারছে না। স্কুল ও কোচিংয়ে যাতায়াতেও সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে তাকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হচ্ছে বলে জানায় সে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে আবদুল হাই শিকদার বলেন, জমি আমার। এখানে কবরস্থান রয়েছে। কবরস্থানের নিরাপত্তার জন্য বেড়া দিয়েছি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরোধের সৃষ্টি হয়েছে। একদিকে বসতবাড়িতে প্রবেশের পথ বন্ধ হওয়ার অভিযোগ তুলছে ভুক্তভোগী পরিবার, অন্যদিকে জমির মালিকানা ও কবরস্থানের নিরাপত্তার বিষয়টি সামনে এনেছেন আবদুল হাই শিকদার।
তবে জমির প্রকৃত মালিকানা, কবরস্থানের সীমানা এবং বসতবাড়িতে প্রবেশের পথের অবস্থান সম্পর্কে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।