চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নয়াকান্দি ইয়ং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল রুপা কাপ টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় আয়োজিত এ টুর্নামেন্টে বলাইকান্দি স্পোর্টিং ক্লাব ও বিনন্দপুর স্পোর্টিং ক্লাব একাদশ অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম মামুন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম মামুন বলেন, “খেলাধুলা শরীর-স্বাস্থ্য ভালো রাখে এবং মন প্রফুল্ল রাখে। খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে দেশকে তুলে ধরা যায়। একজন খেলোয়াড় তার প্রতিভা, দক্ষতা ও সাফল্যের মাধ্যমে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে পারেন। তাই তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।”
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের সুস্থ জীবন গঠনে সহায়তা করে। সমাজে সম্প্রীতি বজায় রাখা এবং একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলতে স্থানীয় পর্যায়ে ক্রীড়া আয়োজন বাড়ানো প্রয়োজন।
তিনি স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোকে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ জহিরুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুক্তার হোসেন প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনা করেন মোঃ লিটন মোল্লা ও রিয়াদ মোল্লা।
টুর্নামেন্টে বলাইকান্দি স্পোর্টিং ক্লাব ও বিনন্দপুর স্পোর্টিং ক্লাব একাদশের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার মধ্য দিয়ে মাঠে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, নতুন খেলোয়াড় তৈরি এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে নয়াকান্দি ইয়ং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।